এইমাত্র পাওয়া

জাল এসএসসি থেকে মাস্টার্স সনদ তৈরি হতো নীলক্ষেতে

অনলাইন ডেস্ক ||

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরির সময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় জাল সার্টিফিকেট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষার জাল সার্টিফিকেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন। গ্রেফতাররা হলেন- মো. রাকিব হাসান (২৩) ও মো. মোবারক হোসেন জনি ওরফে হৃদয় (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি রাউটার, ১৭টি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার ভুয়া সার্টিফিকেট ও তিনটি ভুয়া সার্টিফিকেট তৈরির শাপলা জল ছাপ দেয়া সাদা কাগজ জব্দ করা হয়েছে।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে নীলক্ষেতের বাকুশাহ হকার্স মার্কেটের ‘ভার্সিটি মাল্টি-কালার’ নামের দোকান থেকে জাল সার্টিফিকেট তৈরির সময় তাদের গ্রেফতার করা হয়। দোকানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স/ডিগ্রি, মাস্টার্স পর্যায়ের ভুয়া সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে তা উচ্চমূল্যে বিক্রি করত। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা নিজেদের কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ডাউনলোড করে ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। এসব জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি ও প্রাইভেট কোম্পানির বিভিন্ন পদে চাকরির জন্য লোকজনের চাহিদার পরিপ্রেক্ষিতে তারা তৈরি করত। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.