এইমাত্র পাওয়া

সেরামকে ১০ লক্ষ টিকা ফেরত দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক ||

দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা নিয়ে ছোট পরিসরে পরীক্ষা (ট্রায়াল) চালায়। পরীক্ষায় দেখা যায়, দেশটিতে শনাক্ত করোনার নতুন ধরনে সৃষ্ট হালকা থেকে মাঝারি অসুস্থতার বিরুদ্ধে এই টিকা সুরক্ষা দেয় ন্যূনতম। পরীক্ষার ওই ফলাফলের পরই দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা প্রদান স্থগিত করে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরন থেকে সৃষ্ট হালকা রোগের ক্ষেত্রেই শুধু তাদের টিকা সীমিত সুরক্ষা দেয় বলে দেখা গেছে।
দক্ষিণ আফ্রিকা এখনো করোনার কোনো টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেনি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তাঁর দেশের সরকার অক্সফোর্ডের টিকা বিক্রি করে দিতে পারে।

অক্সফোর্ডের টিকা সেরামকে দক্ষিণ আফ্রিকার ফেরত নিতে বলার খবর এমন এক সময় এল, যখন এই টিকা জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার ডব্লিউএইচও এই অনুমোদন দেয়।

ফাইজার-বায়োএনটেক ও মডার্নার তৈরি টিকার তুলনায় অক্সফোর্ডের টিকা দেওয়া ও তার সংরক্ষণ-পরিবহন অনেক সহজ। সাধারণ রেফ্রিজারেটরে অক্সফোর্ডের টিকা সংরক্ষণ করা যায়। তা ছাড়া অক্সফোর্ডের টিকা মূল্যের দিক থেকেও সাশ্রয়ী। ফলে গণহারে প্রয়োগ এবং দরিদ্র দেশগুলোয় ব্যবহারের দিক থেকে অক্সফোর্ডের টিকাকে সুবিধাজনক বলছেন বিশেষজ্ঞরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.