নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানে একটি আনন্দ র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য মো. গিয়াস উদ্দিন মিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবসের পটভূমি এবং তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, দেশের কৃষক, ‘কৃষিবিদ ও কৃষির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষেও গবেষণার মাধ্যমে লাভজনক কৃষি রূপায়নে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে। ’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। আরো বক্তব্য প্রদান করেন আইবিজিই’র পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম এবং প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আরিফুর রহমান খান। এসময় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষিবিদ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর বঙ্গবন্ধুসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদ এবং প্রয়াত কৃষিবিদদের রুহের মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
