নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে ভুয়া ওয়েবসাইট খুলে তথ্য আহ্বান করেছিলো একটি প্রতারক চক্র। এ বিষয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অবশেষে মঙ্গলবার রাতে এই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
ভুয়া ওই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবিও ব্যবহার করা হয়েছিলো।
বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম।
তিনি বলেন, এ বিষয়ে আমরা জিডি করেছিলাম। ওটার ভিত্তিতে দায়ী ব্যক্তিকে আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মঙ্গলবার রাতে র্যাব আসামিকে আটক করে মতিঝিল থানায় দিয়েছে। সে এখন আমাদের হেফাজতে আছে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করে।
ওই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫।
এছাড়া এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
