সাকিব ভাইকে অনেক মিস করেছি : মিরাজ

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে অপ্রত্যাশিত ভাবে হেরেছে বাংলাদেশ। যা নিয়ে এখনো চলছে সমালোচনা। চোটের কারণে এই ম্যাচের শেষ দুই দিনে সাকিব ছিলেন না মাঠে। যা রেজাল্টের উপর প্রভাব পড়েছে অনেক। এটি মানছেন অনেকেই। আবার অনেকে আঙুল তুলছেন বাকি স্পিনারদের বাজে বোলিং ও অধিনায়ক মুমিনুলের বিচক্ষণতা নিয়ে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মেহেদী হাসান মিরাজ কথা বলেন সংবাদমাধ্যমের সামনে। অনুমিতভাবে উঠে আসে চট্টগ্রাম টেস্টও। যেখানে সাকিবের না থাকাটা বড় প্রভাব বলেই মানছেন সাগরিকায় সেঞ্চুরির দেখা পাওয়া মিরাজ।

তিনি বলেন, ‘সাকিব ভাই ইনজুরি আমাদের টিমে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার বোলিং খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের টিমের জন্য। সাকিব ভাই থাকলে আমরা আরো ভালোভাবে কামব্যাক করতে পারতাম। কারণ তিনি মাঠে থাকলে হয়তো স্পিনারদের বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইনফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। বাট আনলাকিলি আমরা সাকিব ভাইকে মিস করেছি।’

ঢাকা টেস্টে সাকিব নেই। কীভাবে উইন্ডিজদের সামলাবে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘মিরপুরে সাকিব ভাইকে ছাড়া আমরা খেলবো। অবশ্য সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি পেতাম। যেহেতু তিনি নাই, আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। এবং আমাদের তিনজনের ওপরে বেশি দায়িত্ব থাকবে। এবং আমরা চেষ্টা করবো ভালো জায়গায় বল করতে। চেষ্টা থাকবে ওরা যেন স্বাচ্ছন্দে না খেলতে পারে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.