শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাহবাগ

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শুরু হয় বিক্ষোভ। এতে যোগ দেয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের স্লোগানে বলেন, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’।

নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভরত এক শিক্ষার্থী বলেন, করোনায় দেশের সব কিছু এলোমেলো করে দিয়েছে, দোটানায় ফেলেছে আমাদের। অবিলম্বে আমাদের অটোপাশ দিতে হবে। অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি কমাতে হবে। বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করতে হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি চার দফা দাবিতে সারাদেশে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

করোনার কারণে প্রায় ১১ মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ইতিমধ্যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে কারিগরী শিক্ষাবোর্ড, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর চারটি দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হচ্ছে

১. এক বছর লস মানি না।

২. স্থগিত হওয়া ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্বের পরীক্ষাগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে দেওয়া।

৩. ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সকল অতিরিক্ত ফি প্রত্যাহার ও বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা।

৪. চলতি বছরের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.