নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সাতকানিয়া কলেজের ২০১৯-২০ সেশনে একাদশ শ্রেণীর একটি ভর্তি বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, মুসলিম এবং অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা ফি নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। মুসলিম শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ২৭৪০ টাকা আর অমুসলিম শিক্ষার্থীদের ভর্তি ফি ২৫৯০ টাকা। অর্থাৎ, ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে মুসলিম শিক্ষার্থীদেরকে।
কলেজের ওয়েবসাইট www.satkaniagovtcollege.edu.bd-এ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এছাড়া এই লিংকেও পাবেন https://bit.ly/2IMauR7। কলেজের অধ্যক্ষ নিজে অমুসলিম হওয়ায় অনেকে বিষয়টিকে ‘অমুসলিমপ্রীতি’ হিসেবে অভিহিত করে সামাজিক মাধ্যমে মতপ্রকাশ করেছেন।
এ বিষয়ে আমরা কথা বলেছি অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র দত্তের সাথে। তিনি বলেন, বিজ্ঞপ্তিতে ব্যয়ের খাত আলাদা করে উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কলেজে একটি মসজিদ আছে। সেটির ইমাম-মোয়াজ্জিনের বেতন ও ব্যবস্থাপনা বাবদ মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে বাৎসরিক হিসেবে ১৫০ টাকা বেশি ফি রাখা হয়েছিল। এই সিদ্ধান্তটি আমি নতুন করে নেইনি। বরং আগের প্রিন্সিপাল জনাব সানাউল্লাহর সময় থেকে শুরু হয়। বর্তমান বিজ্ঞপ্তিতে শুধু আগের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।’
প্রফেসর কৃষ্ণ চন্দ্র আরো বলেন, চট্টগ্রাম কলেজসহ যেসব কলেজে মসজিদ আছে সব প্রতিষ্ঠানেই সেটির ব্যবস্থাপনার জন্য মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা একটা ফি নেয়া হয়।
চট্টগ্রাম কলেজের ওয়েবসাইটে চলতি বছরের একাদশ শ্রেণীর বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, (দেখুন এখানে: bit.ly/2X31bAh) মানবিক শাখার জন্য ২৪৬৩ টাকা এবং বিজ্ঞান শাখার জন্য ২৭৮৮ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মুসলিম-অমুসলিম হিসেবে আলাদ ফির কথা উল্লেখ নেই।
তবে চট্টগ্রাম কলেজের বর্তমান শিক্ষার্থী ইকবাল রাশেদের সাথে কথা বলে জানা গেছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও ভর্তি ফি জমা দেয়ার সময় মসজিদের ব্যবস্থাপনার জন্য মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে বাড়তি নেয়া হয়। অন্য আরেকজন সাবেক শিক্ষার্থীও একই তথ্য জানান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
