নিউজ ডেস্ক।।
চলতি জানুয়ারি মাসে দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর মধ্যে একটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে এবং তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর রোববার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস দিয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ বিষয়ে বলেন, আগামী ১২ জানুয়ারির পর এই দুটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ ওইভাবে শীত পড়বে না। বর্তমানে রাতে যে তাপমাত্রা বিরাজ করছে, তা আরো বাড়বে। অর্থাৎ কনকনে শীত থাকবে না।
এমনকি কোনো কোনো জায়গার মানুষ গরম অনুভব করবে। তবে ১২ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, বলেন এই আবহাওয়াবিদ।
এদিন দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে চলতি জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পড়তে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কখনো কখনো দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীগুলোয় জানুয়ারি জুড়ে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ ছাড়া গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে সূর্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
