নিউজ ডেস্ক।।
আজ ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান প্রভৃতি। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানান ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল সাড়ে ৭ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম।
একই দিন বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করবে ছাত্রলীগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
