নিউজ ডেস্ক।।
করোনাকালে বিশ্বজুড়ে সংকটে রয়েছে শিক্ষার্থীরা। বেশির ভাগ দেশে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে যাদের ইন্টারনেটে প্রবেশের সহজ উপায় নেই, তাদের পড়তে হচ্ছে বিপাকে। ধনীদের ছেলেমেয়েরা অনায়াসে ইন্টারনেট সুবিধা পেলেও দরিদ্র ও দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। তবে পড়াশোনা তো চালিয়ে যেতে হবে! সেই অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ পাওয়া গেল পূর্ব ইউরোপের ছোট্ট দেশ জর্জিয়ায়।
করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছে জর্জিয়া। তবে দেশটিতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বড় অংশের মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। জর্জিয়ায় তিন থেকে ১৭ বছর বয়সী প্রায় ছয় লাখ ৬১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৫০ সহস্রাধিকের ইন্টারনেট নেই। তাদের মধ্যে একজন ১১ বছর বয়সী আলেকসান্দ্রে টিসোটসকোলারি। বাড়িতে ইন্টারনেট না থাকায় প্রতিদিন ১০ কিলোমিটার হেঁটে আখমেটা নামের পৌর শহরের পাশে একটি কুঁড়েঘরে গিয়ে তাকে অনলাইনে ক্লাস করতে হয়।
টিসোটসকোলারি জানায়, সকাল সাড়ে ৯টা থেকে অনলাইনে ক্লাস শুরু হয় তার। শুরুতে দুই ঘণ্টা করে ক্লাস করতে হলেও এখন সময় বাড়ানো হয়েছে। বাড়িতে ইন্টারনেট পাওয়া যায় না। তাই তার বাবা বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে একটি কুঁড়েঘর বানিয়ে দিয়েছেন। সেখানে যেতে পাড়ি দিতে হয় কয়েকটি ছোট নদী। পথে নেকড়ে ও বুনো ভাল্লুকের ভয়ও আছে। শীতও প্রচণ্ড। তার পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
