সাধারণ সম্পাদক পদে সব ভোট পেলেন নিজামুল

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যকর পরিষদের ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিজেদের দলীয় প্যানেল চূড়ান্ত করতে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের অভ্যন্তরীণ ভোট হয়। সেখানে সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সব ভোট পেয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও চারটি পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। ভোটার ছিলেন নীল দল কমিটির ৩৯ সদস্য।

নীল দলের অভ্যন্তরীণ এই নির্বাচনের মাধ্যমে শিক্ষক সমিতির ১৫টি পদের ৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে নীল দল। কাল বৃহস্পতিবার অন্য ১০টি সদস্যপদের জন্য প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। নীল দলের একাধিক নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নীল দলের সদস্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর আজ বুধবার প্রথম আলোকে বলেন, নীল দলের ভোটে সভাপতি পদে প্রার্থী ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রহমত উল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অপরাধবিজ্ঞানের অধ্যাপক জিয়াউর রহমান। ১ ভোটের ব্যবধানে (২০-১৯) রহমত উল্লাহ জয়ী হন।

সাধারণ সম্পাদক পদে অধ্যাপক নিজামুল হক ভূইয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। ৩৯ ভোটের সব কটি পেয়ে জয়ী হন নিজামুল। এ ছাড়া সমিতির সহসভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আকরাম হোসেনকে চূড়ান্ত করেছে নীল দল।

শূন্য ভোট পাওয়ার বিষয়ে অধ্যাপক জামাল প্রথম আলোকে বলেছেন, ‘এটি গভীর ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগের হাইকমান্ড আমাকে পছন্দ করে বলে নীল দলের একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করেছে। নীল দলের ভোটের ফলের ব্যাপারে আমি কিছুই জানি না। এই ফল ফেব্রিকেটেড। নীল দলের ভেতর জামায়াত-শিবির ও হাইব্রিড ঢুকে গেছে।’ অধ্যাপক জামাল নীল দল কমিটির সদস্য নন।

শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক জাকির হোসেন ভূঁইয়া ৭ ডিসেম্বর ২০২১ সালের কার্যকর পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট হবে।

নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বরের মধ্যে।

করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। নীল দল প্যানেল চূড়ান্ত করার দিকে অনেকটা এগোলেও করোনা মহামারিসহ কয়েকটি কারণে এ নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়ে সাদা দল সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচন পরিচালক বরাবর চিঠি দিয়েছে। তবে সাদা দলের প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।

সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার (আজ) তাঁদের সংগঠনের একটি সভা আছে। সেখানে ঠিক হবে, তাঁরা নির্বাচনে যাবেন কি না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.