ময়মনসিংহের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী নুরজাহান ইয়াসমীন বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন আজ সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তিন মেয়ে রেখে গেছেন।
ফরিদা ইয়াসমীন পারভীন জানান, কিডনি ও হার্টের বিভিন্ন সমস্যায় আজ দুপুরে তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মহিলাদলের এই নেত্রী ১৯৯১, ২০০১ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় মহিলাদলের ভাইস প্রেসিডেন্ট।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
