চলতি বছর নির্ধারিত মৌসুমে মশাবাহিত ভাইরাস রোগ ডেঙ্গুর প্রকোপ খুব একটা দেখা না গেলেও বছরের শেষের দিকে এসে হঠাৎ বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুয় আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৪ ও ঢাকার বাইরের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০০ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই শুক্রবার শেষ বিকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। নির্ধারিত মৌসুমের বাইরে অসময়ে এমন বৃষ্টির ফলে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। কারণ নগরী অনেক ড্রেন, পুরানো টায়ার, লন্ড্রি ট্যাংক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনের বøক, ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরানো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে পরিষ্কার পানি জমে এডিস মশা ডিম পাড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর অসময়ে বৃষ্টির কারণে নভেম্বর মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত সন্দেহে হাসপাতাল ও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অনেকেই।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্ববর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৯ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৮৬৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০০ জন।
তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৯৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জনের মধ্যে ১৪ জন রাজধানী ঢাকায় ও একজন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে’তে ১০ জন, জুনে ২০ জন, জুলাইতে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন এবং অক্টোবরে ১৭৩ জন ও চলতি নভেম্বরের ২০তম দিন পর্যন্ত (গতকাল) ৩৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
