এইমাত্র পাওয়া

শীতে বাড়বে সংক্রমণ, প্রস্তুত সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

করোনার (কোভিড-১৯) সংক্রমণ এই শীতে বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার দ্বিতীয় আঘাত বা শীতকালের সংক্রমণ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

১৮ নভেম্বর, বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিশেষজ্ঞদের অভিমতের উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত করোনা মহামারীকে সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। এ মুহূর্তে দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও আসন্ন শীতকালে তা আবার বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেছেন। ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকাতে দ্বিতীয় আঘাত শুরু হয়েছে।

করোনার দ্বিতীয় আঘাত মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আসন্ন শীত মৌসুমে করোনা যেন বাড়তে না পারে সেজন্য ‘নো মাস্ক, নো সার্ভিস নীতি’ বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের পয়েন্ট অফ অ্যান্ট্রিসমূহে (প্রবেশপথ) স্ক্রিনিং অব্যাহত রয়েছে। বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা হচ্ছে। এদিকে তিন কোটি ভ্যাকসিন আমদানির লক্ষ্যে সরকারের সঙ্গে ভারতের সিরাম ইন্সটিটিউট ও বেক্সিমকো ফার্মার সঙ্গে তৃতীয়-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও সংসদে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.