এইমাত্র পাওয়া

নড়াইল থেকে ঢাকায় এসে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে । নিহত শিক্ষার্থী তুর্কি মুন্না (১৯) আজ বুধবার ভোরেই প্রথম ঢাকায় এসেছিলেন। যাচ্ছিলেন বন্ধুর বাসায়। কিন্তু পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহতের বন্ধু ও স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, তুর্কি মুন্নার বাড়ি নড়াইল সদরে। গ্রামে পড়ালেখা করেন। রাতের গাড়িতে ঢাকায় আসেন তিনি। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে গাড়ি থেকে নেমে বন্ধুর বাসায় যাওয়ার পথে কে বা কারা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে।

পুলিশের ধারণা, ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে।

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, ‘মিরপুর-১ নম্বরের ডেসকো কার্যালয়ের পাশের রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।’

এসআই মো. মতিউর রহমান বলেন, ‘তুর্কি মুন্না মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে বন্ধু রহমতের বাসায় আসে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি ।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.