২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি।।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফলের গ্রেড নির্ধারণের একটি রূপরেখা তৈরি করা হবে। যা এ মাসের মধ্যেই জমা দেবে গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি।

তার ওপর ভিত্তি করে এই নীতিমালা করা হবে। ১০ নভেম্বর, মঙ্গলবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও গ্রেড মূল্যায়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য জানান।

এ বিষয়ে অধ্যাপক জিয়াউল হক জানান, জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।

তিনি আরো জানান, অটো পাসের গ্রেড নির্ণয়ে আট সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে চারটি সভা করে একাধিক প্রস্তাব তৈরি করেছে এই কমিটি। এর মধ্যে থেকেই একটি প্রস্তাব চূড়ান্ত করে নভেম্বরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সদস্যসচিব আরো জানান, তার ওপর ভিত্তি করে নীতিমালা তৈরি হবে। আর সেই নীতিমালার আলোকেই এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এই ফল প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষাবার্তা/এসজেড


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.