এইমাত্র পাওয়া

প্রাথমিকে তৈরি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস

নিউজ ডেস্ক।।

 আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মৌলিক সক্ষমতা তৈরিতে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু হয়েছে। বিদ্যালয় খোলা গেলে সেই সিলেবাস শেষ করে পরবর্তী ক্লাসে তোলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা নভেম্বর থেকে ৩৯ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন করার কথা থাকলেও নতুন করে আরও ১৪ দিন ছুটি বৃদ্ধি করায় সেটি সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন করে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ)। শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা অর্জন তৈরিতে এ সিলেবাস তৈরি করা হচ্ছে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হলে সেটি কার্যকর করে পরবর্তী ক্লাসে তোলা হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হয় তবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে পঞ্চম শ্রেণিসহ সব ক্লাসের সনদ বিতরণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নেপের মহাপরিচালক মো. শাহ আলম বলেন, নতুন করে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকের প্রতিটি ক্লাসের সব বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যুক্ত করে শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা অর্জন তৈরির লক্ষ্যে নতুন করে এ সিলেবাস তৈরি করা হচ্ছে। নতুন সিলেবাসটি আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.