এইচএসসি পরীক্ষা নিয়ে যে প্রস্তাব দিলেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানগণ

নিজস্ব প্রতিবেদক।।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকারের কাছে তিনটি প্রস্তাব করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষা আয়োজনে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে তিনটি প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো হলো- পরীক্ষার কেন্দ্রসংখ্যা বাড়ানো, সিলেবাস ও নম্বর কমানো এবং পরীক্ষার বিষয় কমিয়ে আনা। এসব প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয় যাচাই করে দেখছে।

জানা গেছে, সরকারের গাইডলাইন অনুসরণ করে স্বাস্থ্যবিধি পুরোপুরি পালন করে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের জন্য সরকারের কাছে দেওয়া তিনটি প্রস্তাবের প্রথমটি হলো এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা সারাদেশে বাড়িয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা। দ্বিতীয়টি হলো সিলেবাস ও নম্বর কমিয়ে এনে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা। আর তৃতীয়টি হলো বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সনদ প্রদান করা।

গত ১ এপ্রিল থেকে এ পরীক্ষা দেশজুড়ে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে ২২ মার্চ তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.