এইমাত্র পাওয়া

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল যেকোনো সময়

নিজস্ব প্রতিনিধি ।।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, খাতা মূল্যায়ন কাজ শেষে ফল চূড়ান্ত করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছি। অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে।তিনি আরো জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু হবে। তবে এবার আগের মতো পাঁচটি গ্রুপে নয়, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অল্প অল্প করে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা নেয়া হবে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। পরীক্ষায় ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন অংশগ্রহণ করেন। দুই লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল-২ পর্যায়ে ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

সূত্র জানায়, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে মোট ১৯ হাজার ৩৮৩টি পদ তৈরি করা হয়েছে। এ পদের অতিরিক্ত ২০ শতাংশ বেশি চূড়ান্ত প্রার্থীকে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধনের পাসের সনদ দেয়া হবে। উত্তীর্ণদের এনটিআরসিএর মেধা তালিকায় যুক্ত করা হবে। পর্যায়ক্রমে শিক্ষক শূন্য থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.