ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রথম দুই দিনে ৩১৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ২১ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়েছে। তবে ডেঙ্গু শনাক্তকরণ কিটের অভাবে আজ সোমবার এই চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা বন্ধ থাকবে।
কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা সারওয়ার জাহান গতকাল রোববার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু নির্ণয় কার্যক্রম শুরু হয় গত বুধবার। ওই দিন ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার ১৫০ শিক্ষার্থীর রক্তের নমুনা নেওয়া হয়। এর প্রতিবেদন গতকাল দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ৮ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। মাঝে শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় এই কার্যক্রম বন্ধ ছিল। আর গতকাল ১৫০ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে।
সারওয়ার জাহান গতকাল বলেন, ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকটের কারণে সোমবার (আজ) বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষায় সহযোগিতাকারী সংগঠনের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে, যে প্রতিষ্ঠান তাদের কিট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে তারা কিট পাননি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে, মঙ্গলবারের আগে কোনো কিট পাওয়া যাবে না।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৬ জুলাই রাতে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ডেঙ্গু–আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হয়। ডেঙ্গু–আতঙ্কে থাকা শিক্ষার্থীদের ভিড়ে প্রথম দিনে যন্ত্রটি বিকল হয়ে যায়। বুধবার সেখানে আনা হয় ডেঙ্গু শনাক্তকরণের ডিভাইস।
ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাজুড়ে বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
