এইমাত্র পাওয়া

মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থে হবে ১০ শয্যার হাসপাতাল

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণার মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকট্রা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামানু, পরিচালক মো. আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহানসহ অনেকে।

সভায় ঘোষণা দেওয়া হয়, নিলামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যবহৃত ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে। যার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনা ভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে, যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.