একাদশে ভর্তির উন্নয়ন ফি বাতিলের দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক।।

করোনাকালে নতুন (২০২০-২০২১) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উন্নয়ন ফি বাতিল করার দাবি জনিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অভিভাবক ঐক্য ফোরামের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ৯৬ শতাংশ অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন। কেউ কেউ চাকরি করলেও অর্ধেক বেতন পাচ্ছেন। অনেকে বাসা ভাড়া দিতে না পারায় পরিবার-পরিজনকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন।

এমন অবস্থায় এ বছর উন্নয়ন ফি ধার্য না করে অন্যান্য সমুদয় ফি দু’টি কিস্তিতে নিয়ে ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

জিয়াউল কবির দুলু বলেন, যেহেতু নতুন শিক্ষাবর্ষের জুলাই-আগস্ট মাস চলে যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো হয়নি এবং ভর্তি সম্পন্ন করে সেপ্টেম্বর মাসেও শ্রেণির কার্যক্রম শুরু করা সম্ভব নয়; সেহেতু নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির ছাত্র- ছাত্রীদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের টিউশন ফি মওকুফ করতে হবে।

তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.