আগামীকাল পবিত্র হজ, হজযাত্রীরা এখন মিনায়

নিউজ ডেস্ক।।

গোটা পৃথিবীর লাখ লাখ মুসলমানের হজ পালনের চিরায়ত দৃশ্য এবার অবলোকন করা যাবে না। মহামারি করোনার কারণে সীমিত করা হয়েছে এবারের হজের অংশগ্রহণ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল ফজরের নামাজ শেষে কাবা শরিফ তাওয়াফ করে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা হন আল্লাহর মেহমানরা। পবিত্র মক্কা হতে মিনা পর্যন্ত যেখানে প্রতিবছর ২৫ লক্ষাধিক মুসলিমের পদচারণা থাকত, এবার যাচ্ছেন মাত্র ১০ হাজার মুসল্লি। তবুও আকাশ বাতাস মন্দ্রিত করে ধ্বনিত হচ্ছে-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্?দা ওয়ান্নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ পবিত্র মিনার খিমায় (তাঁবু) তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাটাতে হবে। আজ বুধবার তারা মিনায় সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে।

গত ১৯ জুলাই থেকে এবারের হজে অংশগ্রহণকারী সবাইকে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইন করতে হয়েছে। সকলের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হচ্ছে। হজের প্রতিটি কাজে একজন থেকে অন্যজনের দূরত্ব থাকবে ১ দশমিক ৫ মিটার (পাঁচ ফুট)। এছাড়াও মিনা, আরাফাহ ও মুজদালিফায় ২ আগস্ট পর্যন্ত যারা বিনা অনুমতিতে প্রবেশ করবে তাদের ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। সৌদ প্রেস এজেন্সি জানায়, পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষেধাজ্ঞা লংঘনের দায়ে ১৬ জনকে আটক ও প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল করে মোট ১ লাখ ৬০ হাজার রিয়াল জরিমানা করেছে সৌদি সরকার। এদিকে হজ শেষে প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদি আরবের গত প্রায় ৯০ বছরের ইতিহাসে এবারই প্রথম বহির্বিশ্বের লোকদের জন্য হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.