গণিত অলিম্পিয়াডের অনলাইন কোর্স চালু

নিজস্ব প্রতিনিধি।।

‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন’ শীর্ষক অনলাইন কোর্স চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন অনলাইনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. আকরাম-আল-হোসেন, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আইসিটি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবানাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট এর টিম লিডার (উপসচিব) মুহাম্মদ সোহেল হাসান।

বর্তমানে বৈশ্বিক কেভিড ১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবের জন্য উদ্ভুত পরিস্থিতিতে মাঠ পর্যায়ে ফেস-টু-ফেস প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। আবার শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও অব্যাহত রাখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্টের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে অনলাইন কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তক, কনটেন্ট ডেলিভারী বই (আনন্দে গণিত শিখি) এবং প্রশিক্ষণ ম্যানুয়াল-এর সাথে সামঞ্জস্ব্য রেখে একটি স্ক্রিপ্ট প্রস্তুত করা হয় এবং এ স্ক্রিপ্টের উপর ভিত্তি করে ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্স তৈরি করা হয়েছে। ধারাবাহিকভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির উপযোগী অনলাইন কোর্স চালু করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অনলাইন কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা শ্রেণি কার্যক্রমে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের ধারণা পাবেন।

অংশগ্রহণকারীগণ এটুআই প্রকল্পের মুক্তপাঠ প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশন করে কোর্সটি সম্পন্ন করতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.