এইমাত্র পাওয়া

ঈদে বন্ধ থাকছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো

নিজস্ব প্রতিনিধি।।

 করোনা পরিস্থিতির কারণে ঈদের ছুটিতে এবার দর্শনার্থীদের ঘুরে দেখার সুযোগ নেই রাজধানীর জাতীয় জাদুঘর ও এর শাখা জাদুঘরগুলো। অন্যান্য ঈদে অথবা বিভিন্ন দিবসে নগরবাসীর একটি অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে ওঠে নগরের বিভিন্ন জাদুঘর।

তবে এবার ঈদে গত রোজার ঈদের মতোই জাদুঘর বন্ধ থাকবে বলে জানিয়েছে এর কর্তৃপক্ষ। ফলে বন্ধ থাকবে আহসান মঞ্জিলও।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার   বলেন, উৎসবে জাদুঘর মুখরিত থাকে। এখানেয় মানুষ আসে, দেখে, শেখে। এটিকে সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয় বলা হয়। এর ফলে প্রায় সব সময়ই উৎসব মুখর থাকে জাদুঘর প্রাঙ্গণ। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বিদেশি পর্যটক এবং অতিথিরাও আসে। এ জাদুঘর থেকে তারা জাতির একটি পরিচয় পায়। কিন্তু বর্তমানে সেই জানা থেকে এখন তারা বঞ্চিত হচ্ছে। আর ঈদের সময়েও এবার করোনা পরিস্থিতির কারণে জাতীয় জাদুঘর এবং এর শাখা জাদুঘরগুলো বন্ধ থাকার কথা হয়েছে।

রাজধানীর ভ্রমণপ্রেমীদের কাছে পছন্দের স্থাপনাগুলোর মধ্যে অন্যতম লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো দেশি-বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে লালবাগ এলাকার এ দুর্গ। তবে করোনা পরিস্থিতির কারণে এবার ঈদের মধ্যে দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ থাকবে বাংলাদেশের মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শনটির।

এদিকে বন্ধ থাকার কথা রয়েছে জাতীয় চিড়িয়াখানাও। করোনা পরিস্থিতির কারণে দর্শনার্থীদের অন্যতম প্রিয় এ পর্যটন কেন্দ্রটি বন্ধ থাকবে বলে জানিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই করোনা যেন এখান থেকে ছড়াতে না পারে, সেই জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ারন্ডারল্যান্ড (সাবেক শিশুমেলা) কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে শিশুদের বিনোদনের জন্য ওয়ারন্ডারল্যান্ড খোলা থাকবে কি না, সেই বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

ঈদের ছুটিতে দর্শনার্থীদের বিনোদনের জন্য আরও একটি স্থান হয়ে ওঠে প্রেক্ষাগৃহগুলো। এবার বন্ধ থাকবে সেগুলোও। দেশে করোনার প্রকোপ একেবারে কমে গেলে প্রেক্ষাগৃহ পুনরায় খোলা বা চালুর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.