অনলাইন ডেস্ক।।
করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে ইন্টারনেটের পেছনে শিক্ষা ব্যয় বাড়ছে অভিভাবকদের। তাছাড়া শিক্ষার্থীরাও এ নিয়ে নানা সমস্যায় পড়ছে। তাই তাদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের বিশেষায়িত ইন্টারনেট প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
সোমবার চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে আমাদের স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে। সেক্ষেত্রে বিনামূল্যে করাতে পারলে খুবই ভালো হতো। আর যদি বিনামূল্যে করা সম্ভব না হয়, তাহলে সেগুলো যেন তারা স্বল্পমূল্যে অ্যাকসেস করতে পারে সেটির জন্য বিভিন্ন টেলিফোন কোম্পানির সঙ্গে কথা চলছে। আশা করছি, শিগগিরই শিক্ষার্থীরা এ নিয়ে সুখবর পাবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষাবর্ষ শেষ করা নিয়ে কোনো অসুবিধা নেই। অনলাইনের মাধ্যমে নিয়মিত ক্লাস চলছে। তাই যথা সময়ের মধ্যেই সিলেবাস শেষ করতে পারবো বলে আশা করছি। অনলাইনে পরীক্ষা দেয়ারও ভালো ব্যবস্থা করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।
মন্ত্রী বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম এখনো শতভাগ সবার কাছে পৌঁছাতে পারছি না, এটা সত্য। তবে যাদের কাছে এখনো পৌঁছাতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে চেষ্টা চলছে। আর যদি একান্তই না পারি, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে তখন সেই ক্ষতি পুষিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
