নিজস্ব প্রতিনিধি।।
পারিবারিক সহিংসতার শিকার নারীদের আত্মবিশ্বাসী হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার। তিনি বলেন, ‘আপনার গর্বিত হওয়া উচিত, যে আপনি একজন নারী। নিজেকে উৎসাহ জোগান, ভালোবাসুন এবং শক্তিশালী হতে শিখুন। আপনি অনেক পরাজয়ের মুখোমুখি হতে পারেন, তবুও আপনি পরাজিত হবেন না। তাই নিজেকে বিশ্বাস করুন, সাহস সঞ্চয় করুন, আওয়াজ তুলুন এবং নিজেকে ভুক্তভোগী না ভেবে নিজের জীবনের নায়িকা হয়ে উঠুন।’
শুক্রবার (২৪ জুলাই) ‘মহামারি করোনা পরিস্থিতিতে নারীর প্রতি পারিবারিক সহিংসতা’ বিষয়ক লিগ্যাল ওয়েবিনার সিরিজের পঞ্চম পর্বের আলোচনায় অংশ নিয়ে বিচারপতি নাইমা এ পরামর্শ দেন। একাডেমি অব ল’ অ্যান্ড পলিসি (আলাপ) এবং ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে এ লিগ্যাল ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিচারপতি নাইমা হায়দার পারিবারিক সহিংসতার বিরুদ্ধে নারীদের সুরক্ষার জন্য আইনি কাঠামোর পর্যাপ্ততা এবং এর প্রয়োগের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত নারীদের দ্বারা পারিবারিক সহিংসতা মোকাবিলায় বাস্তবিক বাধা সমূহেরও আলোচনা করেন।
বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘পারিবারিক সহিংসতার ফলে ভুক্তভোগীর সঙ্গে তার শিশুদেরও সহিংসতাপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে হয়। তাই শিশুদের এমন ধ্বংসাত্মক মানসিকতার মধ্যে বেড়ে ওঠা থেকে রক্ষা করা দরকার।’
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম। এ সময় আরও মতামত তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল এমপাওয়ারমেন্ট ও সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রধান ড. ফস্টিনা পেরেইরা এবং আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. রুচিরা তাবাসসুম নাভিদ।
প্রসঙ্গত, একাডেমি অফ ল’ অ্যান্ড পলিসি (এএলএপি) হচ্ছে একটি স্বাধীন, অ-রাজনৈতিক ও অলাভজনক প্রচারমাধ্যম। যার মূল উদ্দেশ্য শীর্ষস্থানীয় আইনজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং সমাজের উন্নয়ন অংশীদারদের একত্র করার মাধ্যমে দেশের সমসাময়িক আইনি, নীতিগত এবং প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করা। এরপর সেসব আলোচনালব্ধ জ্ঞান থেকে বিষয়ভিত্তিক গবেষণা পরিচালনা, আইন ও নীতিগত সংশোধনের জন্য নীতি প্রনয়ণকারীদের কাছে প্রস্তাবনা তুলে ধরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
