নিজস্ব প্রতিনিধি।।
চাঁদপুরের রাজরাজেশ্বরের লক্ষ্মীচর এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনার ফাঁদ এখন বিলীন হওয়া সেই স্কুল কাম সাইক্লোন শেল্টারটি। পদ্মায় ডুবে থাকা এ ভবনের কারণে সেখানে নৌদুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তারা জানান, নদীতে ভবনটি বিলীন হওয়ায় এবং নদীতে পানি বেশি হওয়ায় এখন তা পানির নিচে রয়েছে। জোয়ারের সময় ভবনটি পানির নিচে চলে যায় আর ভাটার সময় ভবনের ওপরের অংশ কিছুটা দেখা যায়। আর পদ্মা নদীর এ রুট দিয়েই ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া ফরিদপুর এলাকায় চলাচল করে মালবাহী জাহাজগুলো।
রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের ওপরের কিছু অংশ দেখা যায়। এখন কোনও জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার জানান, রাজরাজেশ্বর ইউনিয়নটি চারপাশে পদ্মা-মেঘনা নদী দ্বারা বেষ্টিত। বর্তমানে পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে ভবনটি তলিয়ে গেছে। এই ভবনটি নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের কোনও পরামর্শ নেওয়া হয়েছে কিনা তা আমি জানি না। তাছাড়া এই স্থানে এই স্থাপনা নির্মাণ করাটাই ঠিক হয়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
