প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বঞ্চিত নন-ক্যাডার ডেন্টাল সার্জনরা

নিউজ ডেস্ক।।

করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ চান ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ও নিয়োগ বঞ্চিত ২৫৩ জন নন-ক্যাডার ডেন্টাল সার্জনরা। নন-ক্যাডার ডেন্টাল সার্জন ঐক্য পরিষদের ব্যানারে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি হাসপাতালগুলোতে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ২৫৩ জন নন-ক্যাডার ডেন্টাল সার্জনকে নিয়োগ প্রক্রিয়াধীন ২ হাজার চিকিৎসকের মধ্যে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই। ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ২৫৩ জন নন-ক্যাডার ডেন্টাল সার্জন এখনও চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলেন, সমগ্র বাংলাদেশে চিকিৎসক সংকট নিরসন ও দেশের প্রান্তিক পর্যায়ে আপামর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২১ জুন ৯ হাজার ৫০০ সহকারী সার্জন (এবিবিএস) অনুমোদন দিয়েছিলেন। সে অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করে। ২০১৮ সালের ৮ এপ্রিল বিজ্ঞাপন জারি হয় এবং ৩ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বর পরীক্ষার ফল প্রকাশ হলে মোট ১৩ হাজার ২০০ পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এরমধ্যে ৪৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট ৪৭৯২জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়। পদ স্বল্পতার কারণে ৮৩৬০ জনকে নন-ক্যাডার হিসেবে নির্বাচন করা হয়। যাদের মধ্যে ডেন্টাল সার্জন রয়েছেন ২৫৩ জন।

ইতিমধ্যে ৩০০ জন সহকারী নিয়োগের যৌক্তিকতা তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর থেকে গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় ৩৯তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়াধীন ২ হাজার চিকিৎসকের (এমবিবিএস) সঙ্গে একই বিসিএসে উত্তীর্ণ ২৫৩ জন নন-ক্যাডার ডেন্টাল সার্জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানায় ৩৯তম বিশেষ বিসিএস নন-ক্যাডার সার্জন ঐক্য পরিষদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.