৪ দফা দাবিতে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক।।

চার দফা দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারীরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের সামনের সড়ক এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ ও ২০০৮ সালে দিন হাজিরা ভিত্তিতে কাজ করার অনুমতি পাওয়ার পর ২০১৩ সালে ৮৪ জনের এবং ২০১৪ সালে ২৪ জনের মিলে দুই দফায় মোট ১০৮ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালে পদ ও স্কেলের বিপরীতে চাকরি রেগুলাইজের একটি বার্ষিক প্রবৃদ্ধির আদেশপ্রাপ্তির পর তাদের মধ্যে ১৭ জন চাকরিকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা করার জন্য ২০১৬ সালে হাইকোর্ট বিভাগে রিট করেন। ২০১৮ সালে রায়প্রাপ্তির পর রিটকারী ১৭ জনের চাকরিকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনাযোগ্য হবে মর্মে চলতি বছরের ২ জুলাই অফিস আদেশ জারি করে বোর্ড কর্তৃপক্ষ। এমতাবস্থায় বোর্ডের বাকি ৯১ জন কর্মচারীর চাকরিকাল তাদের প্রথম যোগদানের তারিখ থেকে গণনার আবেদন করেন এবং এই দাবিতে আন্দোলন করছেন।

এছাড়াও শিক্ষাবোর্ডে অনেক কর্মকর্তা প্রেষণে রয়েছেন ৩ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু তাদের ৩ বছর পর অন্যত্র চলে যাওয়া এবং বোর্ডের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে ওইসব পদে নিয়োগ হওয়ার কথা।

মানববন্ধনে শিক্ষাবোর্ডে কর্মরত তিন বছরের বেশি সময় প্রেষণে (ডেপুটেশন) থাকা কর্মকর্তাদের বদলি বা অপসারণ করা, পদোন্নতিযোগ্য সব কর্মচারীর পদোন্নতি এবং চেয়ারম্যান কর্তৃক আদালতের সব আদেশবিধি সম্মতভাবে বাস্তবায়ন করার দাবি তোলা হয়।

পাশাপাশি শিক্ষাবোর্ডে দুর্নীতিমুক্ত প্রশাসন, বিভিন্ন খাতে বোর্ডের অর্থ অপচয় কমানো, সব যোগ্য কর্মচারীদের মূল্যায়ন ও অবিলম্বে কম্পিউটার সেন্টার চালুরও দাবি জানান তারা। -সমকাল


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.