নিজস্ব প্রতিবেদক :
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ অডিটোরিয়ামে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ লে. কর্নেল মোল্যা মেজবাহ উদ্দিন স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীনবরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠানের সূচনা করেন। এরপর প্রধান অতিথি উপস্থিত ছাত্র, শিক্ষক, শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বিজিবির মহাপরিচালক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের ওপর। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার অঙ্গীকারে একাত্ম হতে হবে। দেশ ও দেশের মানুষের প্রতি এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা তোমাদের বুকে ধারণ করতে হবে।
মাদকের বিষয়ে শিক্ষার্থীদের তিনি বলেন, মাদক সমাজ, জাতি, ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে। তোমাদের বাবা-মা অনেক আশা নিয়ে লেখাপড়া করাচ্ছেন। তোমাদের মা বাবার আশার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনে হয়, সেই ব্রত নিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নূর মোহাম্মদ কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, যে কোনো সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তাই তোমাদের মাদক থেকে সব সময় দূরে থাকতে হবে। বিজিবির দুই বীর শ্রেষ্ঠের নামে পিলখানার দুইটি প্রতিষ্ঠানের নামকরণ বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলে তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম, এনডিসি, পিএসসি, বিজিবির কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
