এইমাত্র পাওয়া

গণপরিবহন চলবে ৩১ মে থেকে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক।।

৩১ মে অফিস চালুর পাশাপাশি গণপরিবহনও চালু হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন, ট্রেনও চলবে।

এর আগে বিকেলে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, চলমান সাধারণ ছুটি আর বাড়ানো হচ্ছে না। ৩১ মে থেকেই অফিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। এসব ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি আরো জানান, বয়স্ক ও গর্ভবতী নারীদের অফিস যেতে হবে না।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত আদেশে সই করেছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এরপর আবারো তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পঞ্চম ধাপে তা আরো বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। এরপর ষষ্ঠ ধাপে ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত, এবং আবারো সপ্তম ধাপে ঈদের ছুটিসহ বেড়ে দাঁড়ায় ৩০ মে পর্যন্ত।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৫৪৪ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। আজ সুস্থ হয়েছেন ৩৪৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.