এইমাত্র পাওয়া

প্রাথমিকসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ছে!

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানোর বিষয়ে এরকম নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি সাধারণ ছুটি বাড়ানো না হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হবে বলে জানা গেছে।

 বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ভালোর জন্য পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যে পরবর্তী ঘোষণা আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সেটাকেই তারা যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিদ্যমান অবস্থায় রাখা এবং ছাত্রছাত্রীদের বাসায় রেখে লেখাপড়ার ব্যবস্থা বা বিকল্প পাঠদানের চিন্তাভাবনা চলছে বলে তারা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২৮ মে’র (বৃহস্পতিবার) মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ৪ জুনের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পরিকল্পনা জানানো হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো এখনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বরং আরও কত দিন ছুটি বাড়ানো হবে সেটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার কথাটি আগে চিন্তা করে আমরা সিদ্ধান্ত নেব। আগে জীবন, এরপর লেখাপড়া। ছুটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। সেটাই বাস্তবসম্মত দিকনির্দেশনা বলে আমরা মনে করছি। আগামী ৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এর আগেই আমরা এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.