বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর সংক্রমণ প্রতিরোধে প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ রয়েছে সবকিছু। এসময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানও।
তবে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে চাচ্ছে সরকার। এ জন্য আগামী রোববার উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জানা গেছে, ওইদিন বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করবেন। সেখানে সাধারণ ছুটি আরও বাড়ানো হবে কিনা সে বিষয়েও আলোচনা হতে পারে। সীমিত পরিসরে কারখানা, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হলেও সাধারণ ছুটি বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সভায় সাধারণ ছুটি বাড়বে কি’না তা নিয়ে যে আলোচনা হবে, সে সুপারিশ মোতাবেক করোনা সংক্রান্ত জাতীয় কমিটি ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
সভা আহবান করার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
