এইমাত্র পাওয়া

নববর্ষের সব অনুষ্ঠান বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবদেক:

বাংলাদেশে আসন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্স আলোচনার শুরুতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে বাংলা নববর্ষ রয়েছে। এই নববর্ষ আমাদের প্রাণের উৎসব। অত্যন্ত উৎসাহ ও জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। কিন্তু এ বছর আপনারা জানেন, আমরা ১৭ মার্চ ও ২৬ মার্চের সব অনুষ্ঠান সীমিত করেছি। কোনো ধরনের জনসমাগম যেন না হয়, আমরা সে নির্দেশনা দিয়েছি। নববর্ষের জন্যও একই নির্দেশনা থাকবে।’

বাইরে অনুষ্ঠান না করতে পারলেও বাংলা নববর্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠান করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমাদের স্কুল-কলেজ বন্ধ। কিন্তু সংসদ টিভির মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুযোগ করে দিয়েছি। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও আপনারা গান-বাজনা করতে পারেন। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান করে সবার মধ্যে ছড়িয়ে দিন।’

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। কারণ আমরাই এই উৎসব শুরু করেছিলাম। এই উৎসব জাঁকজমকপূর্ণভাবে না হওয়াটা কষ্টের। তবু এখনকার ঝুঁকি বিবেচনায় নিয়ে কেউ উৎসব করবেন না।’

উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর ১৪ ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপিত হয়। এদিনে হাজার-হাজার মানুষ দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.