দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এমন কথায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্দেশনাও দিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘নতুন যে কারিকুলাম হচ্ছে তাতে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না। আর এ ব্যাপারে ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়ে দিয়েছেন। সে অনুযায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। এ জন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রনীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।’
এর আগে মন্ত্রী শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
