প্রায় দুই যুগ ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিলো না রহস্যজনক মৃত্যুর শিকার উপসচিব আব্দুল কাদের চৌধুরীর। বিভিন্ন উৎসবেও যেতেন না বাড়িতে। পরিবারের অন্য সদস্যরা যোগাযোগের চেষ্টা করলেও তিনি থাকতেন সম্পর্ক বিমুখ। এলাকার মানুষ বিভিন্ন সহায়তার জন্য এলেও তিনি কারো সাথে যোগাযোগ করতেন না।
এভাবে দিনে দিনে একেবারেই একা হয়ে যান অবিবাহিত আব্দুল কাদের চৌধুরীর (৬০)। বৃহস্পতিবার বেইলি রোডের বেইলি স্কয়ার এক নম্বর ভবনের তিন তলার একটি সরকারি ফ্ল্যাট থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব।
গলে যাওয়া লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। এ সময় তার লাশটি শনাক্ত করতে কাছের কেউ আসেনি। এসছেন তার দূর সম্পর্কের খালাতো ভাই তানভির।
তানভিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুল কাদেরের দেশের বাড়ি ভোলা জেলায়। তিনি অনেক আগে থেকেই তার পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি। তার বাবা মা ৬ বছর আগে মারা যান। বাবা মা না থাকায় একেবারেই পরিবারে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পরিবারে সদস্যরা তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দিতেন না। তার নিজের ভাই বোন থাকলেও লাশ দেখতে কেউ আসেনি। তার বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে যোগাযোগ করলেও গত কয়েক বছরে একদম করতেন না। তিনি অজ্ঞাত কারণে পরিবারে সদস্যদের ওপর বিরক্ত ছিলেন। তানভির আরো বলেন, তিনি আসলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমরা যতদূর জানতে পেরেছি চাকরি নিয়ে হতাশায় ভুগছিলেন। এছাড়াও শরীরিকভাবে অসুস্থ ছিলেন।
তানভির বলেন, তার লাশ ভোলাতেই নেয়া হবে। এখানকার আনুষ্ঠানিকতার পর লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন কারা হবে।
সরকারি এই কোয়ার্টারে অবিবাহিত আব্দুল কাদের একাই থাকতেন। অসুস্থতার কারণে গত এক সপ্তাহ তিনি অফিসে যাননি। অফিস থেকে তার সাথে যোগাযোগ করে না পাওয়ায় পুলিশকে জানানো হয়।
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করে। ওই সরকারি কোয়ার্টারে তিনি একাই থাকতেন।
বাসাটির নিরাপত্তায় থাকা কাশেম জানান, স্যার সবসময় একা একাই থাকতেন। বসায় খুব একটা কেউ আসত না। মাঝে মাঝে কিছু জিনিস লাগলে আমার মাধ্যমে আনিয়ে নিতেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
