বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ফেরতের নির্দেশ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃত্তি নীতিমালা অনুযায়ী এসব শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশও দেয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করছে। সম্প্রতি সংসদ সদস্য মো. মসিউর রহমান এ-সংক্রান্ত একটি অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডে পাঠান। তার ভিত্তিতে একটি তদন্ত কমিটির গঠন করে তা খতিয়ে দেখা হয়। তাতে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। যা বৃত্তি নীতিমালা আওতার বহির্ভূত।

আরও বলা হয়েছে, বৃত্তি সংক্রান্ত বোর্ডেও নীতিমালায় উল্লেখিত ৩নং শর্ত অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষা বোর্ডেও অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবে না। যদি এ বাবদ অর্থ আদায় করা হয়, তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি বিধি অমান্য করে যারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে যে সব অর্থ আদায় করেছে সেই আদায়কৃত অর্থ আগামী ২২ মার্চের মধ্যে শিক্ষার্থীদের ফেরত দিয়ে তার প্রমাণপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে নির্দেশক্রম অনুরোধ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.