সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্পের অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
এর আগে গত সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর পূর্বে সেকায়েপভুক্ত এসিটিদের বিনা শর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে স্থানান্তর বা চাকরি স্থায়ীকরণের লিখিত প্রজ্ঞাপনের জোর দাবি জানান তিনি।
জানা গেছে, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষকের অনুপস্থিতির কারণে শিক্ষাবান্ধব সরকার ২০১৫ সাল হতে তিন বছর মেয়াদে আকর্ষণীয় বেতনে সেকায়েপ প্রকল্পের অধীনে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ৫ হাজার ২০০ জন বিষয়ভিত্তিক (ইংরেজি, গণিত ও বিজ্ঞান) অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) নিয়োগ দেয়া হয়। এদেরকে ‘মডেল শিক্ষক’ বলেও অভিহিত করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্প শেষে চাকরি স্থায়ীকরণের উল্লেখ ছিল। এসিটিদের কারণে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক সাফল্য বাড়ে, ঝড়ে পড়া রোধ, কোচিং বাণিজ্য বন্ধ ও বাল্যবিবাহ হ্রাস তথা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সেকায়েপভুক্ত অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে গত ২৬ মাস ধরে বিনা বেতনে পাঠদান করে এসিটিরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
