বর্ণাঢ্য আয়োজনে ইবিতে লোক প্রশাসন দিবস পালিত

ইবি প্রতিনিধি এম বি রিয়াদ।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৩ মার্চ) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মেধাবী সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে লোক প্রশাসন বিভাগ।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল দশটার দিকে ‘দূর্নিতি মুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোক প্রশাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে লোক প্রশাসন বিভাগ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এরপর লোক প্রশাসন বিভাগের কর্মকান্ডের একটি ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়। মেধাবীদের  চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদানসহ বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা  এবং সম্মানিত অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু উপস্থিত ছিলেন। এসময় দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. লুৎফর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ফখরুল ইসলাম, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী সাদিক ও সাম্মী আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি ড. শাহিনুর রহমান বলেন, মানুষের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা করা। দেশ পরিচালনায় আমলাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর একজন দক্ষ আমলা তৈরিতে এই লোক প্রশাসন বিভাগের গুরুত্ব অনেক বেশি। এই বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা কামনা করি।
আলোচনা অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে পীঠা উৎসব, পরিচ্ছন্নতা অভিযান, দেয়ালিকা ও ইনডোর গেমসের আয়োজন করে বিভাগটি।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.