বেতন বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন বলেন, মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে একজন অফিস সহায়ক পর্যন্ত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী; যা ২০টি গ্রেডে বিভক্ত। এরমধ্যে ১১ থেকে ২০তম গ্রেড ভুক্ত কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু সাফল্য এসেছে, যা আমাদের প্রত্যাশার চাইতে অনেক কম। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের প্রত্যাশা গুলো পূরণ করুক।
সংগঠনের অন্যান্য দাবিগুলো হলো- নবম পে-কমিশন গঠন এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে ২০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে; সচিবালয়ের মত সচিবালয় বাইরে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য দূর করতে হবে; বার্ষিক বেতন বৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করতে হবে; ১ থেকে ৬ গ্রেডের কর্মকর্তাদের মত ১০ শতাংশ বার্ষিক মূল্যহ্রাস পদ্ধতিতে বিনা সুদে গাড়ীঋণ সুবিধার মত ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীদেরকে ২৫ থেকে ৩০ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ সুবিধা প্রদান করতে হবে; রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা, অযাচিত ২০ শতাংশ পেনশন কর্তনের হয়রানি বন্ধ করতে হবে এবং কল্যাণ তহবিলের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
