শিশুদের মেধা-মনন বিকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক স্তর চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০০০ মতো বিদ্যালয়ে এ কার্যক্রম চালু হবে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, প্রাথমিকে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক স্তর চালু হতে যাচ্ছে। এ স্তরে চার বা ৫ বছরের কম শিশুদের ভর্তি নেওয়া হবে। এ সংক্রান্ত প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০০০ বিদ্যালয়ে এটি চালু করা হবে। প্রাক-প্রাথমিক পাসের পর প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে।
জানা গেছে, প্রাক-প্রাথমিক স্তরের জন্য শিশুদের বিকাশের আলোকে কারিকুলাম, শিক্ষক নিয়োগ, টিচিং মেটারিয়াল ও অবকাঠামো তৈরি করা হবে। বর্তমানে দেশের কয়েকটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি করা হলেও এ স্তরের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এজন্য নতুন করে প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হচ্ছে। প্রথম পর্যায়ে সারা দেশে ২৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। দ্রুত পদ সৃজনের প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তর চালু করা হবে। প্রাক-প্রাথমিক স্তর চালু করতে আমরা একটি প্রস্তাব তৈরি করেছি। সেটি চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এজন্য দেশের সকল বিদ্যালয়ের দুজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
