একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ নজরুল ইসলাম বাবু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আড়াইহাজার পৌরসভা সংলগ্ন নব নির্মিত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা, পৌরসভার মেয়র, কাউন্সিলরা, ইউনিয়ন চেয়ারম্যানরা পুষ্পস্তবক করেন।

পরে সরকারী সফল আলী কলেজ, আড়াইহাজার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা বালিকা ডিগ্রী কলেজ, রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার প্রেসক্লাব, আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন, আনসার, ফায়ার সার্ভিস সহ হাজারো সর্বস্তরের মানুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরণ করে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.