সঞ্চয়পত্রে বিনিয়োগে ভবিষ্য তহবিল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া প্রতিষ্ঠানের টিআইএনের বিপরীতে সঞ্চয়পত্র বিক্রি না করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। সম্প্রতি এক চিঠিতে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং বিভিন্ন ব্যাংককে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা অনুযায়ী স্বীকৃত ভবিষ্য তহবিল তথা প্রভিডেন্ট ফান্ডের অর্থ পাঁচ বছর মেয়াদে সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। ভবিষ্য তহবিল ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো তহবিল সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না। এ জন্য ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ স্বীকৃত ভবিষ্য তহবিলের কর শনাক্তকরণ
নম্বর (টিআইএন) প্রদানের মাধ্যমে এ তহবিলের বৈধতার ব্যবস্থা রাখা হয়েছে। তার পরও কিছু কিছু প্রতিষ্ঠান ভবিষ্য তহবিলের টিআইএন বাদ দিয়ে প্রতিষ্ঠানের টিআইএন দিয়ে সঞ্চয়পত্র কিনেছে। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর অনেক সঞ্চয়পত্র ইস্যুকারী আউটলেট ভবিষ্য তহবিলের টিআইএন না দিয়ে প্রতিষ্ঠানের টিআইএন দিয়ে সঞ্চয়পত্র ইস্যু করে। বিষয়টি কর্মসূচি কার্যালয়ের নজরে এলে এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সঞ্চয় স্কিমে ভবিষ্য তহবিলের অর্থ ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো অর্থ যাতে সঞ্চয়পত্রে বিনিয়োগ না হয়, তা প্রতিরোধে স্বীকৃত ভবিষ্য তহবিলের টিআইএনের অনুকূলে জাতীয় সঞ্চয়পত্র ইস্যু করার বিষয়টি নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
