চার জেলার শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়:হাইকোর্ট

পটুয়াখালি,সুনামগঞ্জ,নেত্রকোনা ও কুমিল্লা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

রবিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হাফসা আক্তার রিপা, রুম্পা রায়, তানজিলা রফিক রিদি ও মুন্নি আক্তারের পক্ষে  শুনানি করেন মো. ফারুক হোসেন। তিনি আদালত থেকে বেরিয়ে বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ ধারায় বলা হয়েছে- এই বিধিমালার অধীনে সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ নারী প্রার্থীদের দিয়ে, ২০ শতাংশ পোষ্য প্রার্থীদের দিয়ে এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। সেই নিয়ম না মানায় ৫ ফেব্রুয়ারি নিয়োগ বঞ্চিত এই চারজন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

গত ১৪ জানুয়ারি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে গত ২৪ ডিসেম্বর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.