পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমসহ ৫ জনের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) কে ৪০ দিনের মধ্যে তদন্তর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রহিমসহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধুর নিকট থেকে ২০ আগস্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহণ করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমাণ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে দেননি। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্দোগ নিয়েও কোন ফল হয়নি। পরবর্তীতে ইউএনও কলাপাড়াকে বিষয়টি জ্ঞাত করার পর তিনি ফৌজদারী মামলা করার পরামর্শ দেয়ায় ভুক্তভোগী মিলন হাওলাদার বিজ্ঞ আদালতে বৃহস্পতিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, মামলায় বর্ণিত ১৩ লক্ষ টাকা সে পাবেনা। টাকার পরিমাণ আরও কম হবে। তবে এটি সমাধান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ বলেন, এ বিষয়ে তিনি জানেন না। আদালতের আদেশ পেয়ে নির্দেশিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
