ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ১০ ধরনের পরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিবহনগুলো হলো- বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু এবং অন্যান্য যন্ত্রচালিত যানবাহন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) একেএম মাসুদুর রহমানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটগ্রহণের পূর্ববর্তী মধ্যরাত (৩১ জানুয়ারি, শুক্রবার দিবাগত রাত) ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহনগুলোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ থাকবে। এছাড়া ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের এজেন্ট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি) ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
