জেএসসি-জেডিসিতে ফেল করা ১০ জনের জিপিএ-৫, মোট বেড়েছে ৯৫৩

জেএসসি ও জেডিসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণে ফেল করা ১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। নতুন করে মোট জিপিএ-৫ বেড়েছে ৯৫৭টি। ৯টি সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড গতকাল বুধবার এ ফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা তাদের ফলাফল চ্যালেঞ্জ করে পরিবর্তিত এ ফল পেয়েছে। গত ৩১ ডিসেম্বর এ পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। পরদিন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছিল। ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে আছে দুই জন। এছাড়া চট্টগ্রাম বোর্ডে এক জন এবং ময়মনসিংহ বোর্ডে সাত জন।

নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ৩১৩ জন, বরিশাল বোর্ডে ৪৩, দিনাজপুর বোর্ডে ৯১, চট্টগ্রাম বোর্ডে ৫৫, ময়মনসিংহ বোর্ডে ১৫০, রাজশাহী বোর্ডে ৯৩, মাদ্রাসা বোর্ডে ৪০, যশোর বোর্ডে ৮, সিলেট বোর্ডে ৪৫ এবং কুমিল্লা বোর্ডে ১১৯ জন রয়েছে। গত ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রথম ফলে ১০ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ হাজার ৪২৯ জন।

দশ শিক্ষা বোর্ডে ফল চ্যালেঞ্জ করে এ বছর মোট আবেদন করেছিল ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ৩১৪০ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে বিভিন্ন গ্রেডে পাশ করা শিক্ষার্থী ৭৮৪ জন।

ফেল থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে আছে ১৯০। এছাড়া বরিশাল বোর্ডে চার জন, দিনাজপুর বোর্ডে ৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ৮২, ময়মনসিংহ বোর্ডে ৬৫, রাজশাহী বোর্ডে ৫১, মাদ্রাসা বোর্ডে ১৭০, যশোর বোর্ডে ৬২, সিলেট বোর্ডে ২৮ এবং কুমিল্লা বোর্ডে ১০৪ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.