এম বি রিয়াদ,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রধানত সাম্যের কবি। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পী। তাঁর জীবনের ২৩টি বছর সাহিত্যকর্ম নিয়ে কেটেছে। এরপর তিনি নিথর স্তব্ধ বোবা হয়ে যান। তিনি বলেন, আজকের প্রজন্ম যদি নজরুল সম্পর্কে জানে এবং মগজে ও মননে লালন করে তাহলে এরাই একদিন জাতীয় সম্পদ হয়ে উঠবে। তিনি নজরুল চর্চার প্রতি সকলকে আহবান জানান।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীতে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় ড. রাশিদ আসকারী এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মোছাঃ খালেদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ও ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু। মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁঞা। আলোচক ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম।
উল্লেখ্য, ঝিনাইদহ কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় “নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ণ, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ২৫-২৭ জানুয়ারি তিনব্যাপী এ জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
