প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন প্রার্থীকে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। দীর্ঘ প্রতীক্ষা ও নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। দেশের প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে এবং শিক্ষক সংকট দূর করতে আমরা দ্রুত সময়ের মধ্যে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীরা অচিরেই তাদের কর্মস্থলে যোগ দিতে পারবেন।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় এবং শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং ঝরে পড়ার হার কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করুক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। তাদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”

শিক্ষাবার্তা /এ/ ০২/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.